চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ সহ ১৫ শিক্ষকের পদ শূন্য! শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজে দীর্ঘদিন থেকে অধ্যক্ষ-উপাধ্যক্ষ সহ ১৫ শিক্ষকের পদ শূন্য থাকায় এবং ১৯ জন কর্মচারীর মধ্যে ১১টি পদ শূন্য থাকায় কলেজে শিক্ষা কার্যক্রম ও দাপ্তরিক কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। এতে করে দিনের পর দিন কলেজের পরীক্ষার ফলাফলও অবনতি ঘটছে। অপরদিকে ৫টি বিষয়ে অনার্স কোর্স ঘোষনা হলেও তা চালু করা সম্ভব হয়নি।
কলেজ অফিস সূত্রে জানা যায়, ১৯৬৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৭ সালে কলেজটি সরকারি করা হয়। সরকারি করণের ফলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং পরীক্ষার ফলাফলও ভালো হয়েছিল। বর্তমানে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী সংখ্যা ৮৬৫ জন, দ্বাদশ শ্রেণিতে ৮৮৯ জন, ডিগ্রী ১ম বর্ষে ২২৪ জন, ২য় বর্ষে ৩১৪ জন, ৩য় বর্ষে ২৬২ জন সহ মোট ২ হাজার ৫ শত ৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাবে পাঠদান কার্যক্রম হয় না বিধায় দিনের পর দিন কলেজে শিক্ষার্থীর হার কমে যাচ্ছে। অধ্যক্ষের পদ শূন্য রয়েছে ৯ মাস ধরে, উপাধ্যক্ষের পদ শূন্য রয়েছে প্রায় ২ বছর ধরে। এছাড়া ২৭ জন শিক্ষকের মধ্যে ১৩ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে অনেক দিন ধরে। ফলে কাঙ্খিত পাঠদান সম্ভব হচ্ছে না। অপরদিকে ৩য় শ্রেণীর ৭ জন কর্মচারীর মধ্যে ৪ জনের পদ শূন্য ও ৪র্থ শ্রেণীর ১২ জন কর্মচারীর মধ্যে ৭ জনের পদ শূন্য রয়েছে। এতে করে কলেজের দাপ্তরিক কাজকর্মও মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। এদিকে ভবন না থাকার কারণে অধ্যক্ষের কার্যালয়কে প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আবাসিক কোন ব্যবস্থা নেই।
কলেজের বিদ্যমান সমস্যার ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মঞ্জুর আহমেদ ভূঁইয়ার সাথে কথা বললে তিনি জানান, সমস্যাতো অনেক। এর মধ্যে শিক্ষক ও কর্মচারীর সমস্যা প্রকট। এসব বিষয়ে মন্ত্রণালয় সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান হচ্ছে না।
ঐতিহ্যবাহী চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের বিরাজমান সমস্যা সমাধানের জন্য চাটখিলবাসী শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত