সবার জন্য সমান সুযোগ সৃষ্টি, মানবিক মর্যাদা নিশ্চিত এবং সুষম উন্নয়নের মাধ্যমে নোয়াখালীর চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. ওমর ফারুক।
এক সাক্ষাৎকারে তিনি জানান, মাদক, জুয়া ও সব ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সাহাপুরে শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে এলাকার অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করা এবং অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. নুর হোসেন মাস্টারের বড় ছেলে মো. ওমর ফারুক ঢাকার ফকিরাপুলের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি।
সাহাপুর ইউনিয়নের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে মো. ওমর ফারুক বলেন, "আমি সাহাপুর ইউনিয়নের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এলাকার অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে এটিকে একটি সুসংগঠিত মডেল ইউনিয়নে পরিণত করাই আমার স্বপ্ন। হানাহানি ও বিবাদমুক্ত এক শান্তিময় সাহাপুর গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।"
দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "দল যদি আমাকে মূল্যায়ন করে চেয়ারম্যান পদে সুযোগ দেয়, তবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করব। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে উন্নয়নের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হবে আমার মূল অগ্রাধিকার।"
মতামত