নোয়াখালীর চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্যা (৯৫) বসতবাড়িতে হামলা, রাস্তা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায় , উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের দৌলতপুর (ব্যাপারী বাড়ি) গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্যার সাথে একই এলাকার মো. সবুজ (২৫), মো. রিপন (৫০), শিহাব (২০), সিয়াম (১৯) এবং পরকোট ইউনিয়নের টিপু সুলতানের (৪৫) জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে গত মঙ্গলবার সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বীর মুক্তিযোদ্ধার মালিকানাধীন ও দখলীয় জমিতে অনধিকার প্রবেশ এবং বাড়ির রাস্তা দখল করে বেড়া দিয়ে রাখে। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে হামলাকারীরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধরের চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
এ বিষয়ে চাটখিল থানার ওসি তদন্ত দেবাশীষ সরকার এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন "ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মতামত