ছাত্রদলের সাবেক এক নেতাকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের আজাদ (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে রেজ্জাকপুর তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীরকে (৩৪) দীর্ঘদিন ধরে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার এবং মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আবু তাহের আজাদ। প্রতিনিয়ত এ ধরনের হুমকির মুখে নিরাপত্তা চেয়ে তানভীর রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। ওই জিডির প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি হলে চাটখিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবু তাহের আজাদের বিরুদ্ধে দীর্ঘদিনের নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। ছাত্রদলের সাবেক নেতা আহসান হাবিব বলেন, "বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আবু তাহের আজাদ রেজ্জাকপুর ওয়ার্ডে দলের সাংগঠনিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করে চলেছেন। সে চাঁদাবাজি, গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে নলকূপ, বাথরুম, পুকুরের গাইড ওয়াল ইত্যাদি সরকারি সুবিধা এনে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করে আসছিল। এছাড়া নানা ধরনের সালিশ বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষকে হুমকি-ধমকি দেওয়াও তার অভ্যাসে পরিণত হয়েছিল।"
চাটখিল থানা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে সকল আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছিল এবং বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে তাকে জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
মতামত