প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ চাটখিল উপজেলা পরিষদের উদ্যোগে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের ও চারপাশের জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার বংশবৃদ্ধি রোধে প্রয়োজনীয় ওষুধের ছিটিয়ে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বরং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চাটখিল গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহরিন আক্তার,চাটখিল প্রেসক্লাব সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসাইন, বিএনপি নেতা শাহাজাহান রানা, শামসুল আরেফিন শামীম সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত থেকে অংশ নেন।