নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালক বশির আহমেদ (৬৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আনুমানিক ১১টা দিকে চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক সড়কের দশঘরিয়া বাজার সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বশির আহমেদ উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব সোশালিয়া এলাকার নজু মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,রোববার রাত ১১টার দি্কে যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে রামগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক তার অটোরিকশাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কে অনিয়ন্ত্রিত বালুবাহী ট্রাক চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ এবং নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।