ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মির্জাপুর বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ সরদার আলম সুলীনের মির্জাপুর (নাথ পাড়া) তালাবদ্ধ বাসভবনে গত শনিবার রাতে দুর্বৃত্তরা ভ্যান্টিলেটর ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর দুর্বৃত্তরা বাসভবনের আসবাবপত্র ভাংচুর, তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে বাড়ির কেয়ারটেকার খোরশেদ আলম (৫০) বাদী হয়ে গতকাল রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, সরদার আলম সুলীন ও তাঁর পরিবার ঢাকায় বসবাস করায় দীর্ঘ ৩০ বছর ধরে বাড়িটি দেখাশোনা করছেন স্থানীয় খোরশেদ আলম। শনিবার রাত ১২টার দিকে খোরশেদ আলম তার নিজ বাড়িতে গিয়ে ঘুমায়। পরের দিন রোববার সকালে তিনি বাড়িতে ঢুকে ভবনের কেসি গেট ও বিভিন্ন কক্ষের দরজা খোলা দেখতে পান। দুর্বৃত্তরা নিচতলার ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে দ্বিতীয় তলা ও ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে আলমিরা, সিন্দুক ও শো-কেস তছনছ করে ফেলে।
এই ব্যাপারে সরদার আলম সুলীন মুঠোফোনে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, ঘটনাটি তদন্ত করার জন্য থানার এস আই মুসলিম মিয়া কে দায়িত্ব দেওয়া হয়েছে।