নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের ফসলি জমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পার্শ্ববর্তী জমির ফসল উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে মেঘা গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে আবু তাহের (৪৮) গতকাল রোববার রাতে চাটখিল প্রেসক্লাবে এসে প্রেসক্লাব সভাপতির নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শ্রীমাইল গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে জাকির হোসেন স্থানীয় একাধিক ব্যক্তির সহায়তায় ড্রেজার বসিয়ে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করে আসছে। কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলায় আশেপাশের কৃষি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ব্যাপারে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে বার বার অভিযোগ দেওয়ার পরও উপজেলা প্রশাসন অজ্ঞাত কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জানামতে এমন অভিযোগ আমার দপ্তরে আসেনি, এখন বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।