নোয়াখালীর চাটখিল উপজেলার প্রশাসনের নাকের ডগায় পৌরসভার ব্রীজ দখল করে দোকান ঘর নির্মাণ করেছে প্রভাবশালীরা। এতে প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এই বিষয়ে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছে। এদের অনেকে চাটখিল প্রেসক্লাসে এসে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। কয়েকজন সাংবাদিক সরেজমিনে গিয়ে পৌরসভার ব্রীজের উপর দোকান ঘর নির্মাণের সত্যতা পান।
পৌরসভা অফিস সূত্রে জানা যায়, ২০০৬ সালে পৌরসভার যানজট নিরসন করার লক্ষে বাইপাস সড়ক করার জন্য পৌরসভার অর্থায়নে ২৫ লাখ টাকা খরচ করে ব্রীজটি নির্মাণ করা হয়। অজ্ঞাত কারণে কয়েকজন ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য এ দীর্ঘ সময়েও বাইপাস সড়কটি নির্মাণ হয়নি। পৌর কর্তৃপক্ষ প্রায় ২ মাস আগে ব্রীজটির উত্তর পাশে ১২ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে সাইড ওয়াল নির্মাণ করে রাখে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার কয়েকজন কর্মকর্তা জানান, ব্রীজের দক্ষিণ পাশে উপজেলা পরিষদের খালি জায়গায় উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে পৌরসভা অফিস নির্মাণের চিন্তাভাবনা করেছিলেন। এরই মধ্যে প্রভাবশালীরা দিনে রাতে ১০ ইঞ্চি সাইড ওয়ালটি ভেঙ্গে দোকান ঘর নির্মাণ করে ব্রীজটি দখলে নিয়েছে।
এই বিষয়ে চাটখিল পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বাইপাস সড়ক না হলেও ব্রীজটি আমাদের একান্ত প্রয়োজন। ব্রীজের দক্ষিণ পাড়ে পৌরসভার পানি সাপ্লাইয়ের রিজার্ভ ট্যাংকি সহ বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে। দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তিনি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা পরিষদ থেকে কিভাবে এ জায়গা লিজ নিয়েছেন তা আমরা বুঝতে পারিনি। আমরা বিষয়টি নিয়ে জেলা পরিষদের সাথে কথা বলব। জেলা পরিষদ সাধারণত খালপাড় লিজ দিয়ে থাকে। কিন্তু পৌরসভার ব্রীজ লিজ দেওয়া হয়নি তা দখল করল কীভাবে এ প্রশ্ন করার পর তিনি দ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।
মতামত